Lexical Rules (অভিধান ব্যবহারবিধি)

এ অভিধান সমকালীন ইংরেজি ভাষার। বিলেতে শিক্ষিত ইংরেজ নরনারী তাঁদের মাতৃভাষা যেভাবে লেখেন এবং উচ্চারণ করেন, এ অভিধানে তারই সংক্ষিপ্ত পরিচয় বিধৃত হয়েছে। যে সমস্ত শব্দ অভিধানে স্থান পেয়েছে, তার বহুল ব্যবহার রয়েছে সমকালীন ইংরেজি সাহিত্যে, দৈনন্দিন জীবনের ও অফিস-আদালতের ব্যবহার্য ভাষায় এবং অনানুষ্ঠানিক চিঠিপত্রের আদান-প্রদানে।
শব্দের বানান , উচ্চারণ, ব্যাকরণসম্মত প্রয়োগ এবং অর্থ প্রতিটি ভুক্তিতে প্রদান করা হয়েছে। এছাড়া সমকালীন ভাষায় দৃষ্টান্ত-বাক্য দিয়ে এদের প্রয়োগও দেখানো হয়েছে। দুরূহ অর্থ, বানান কিংবা উচ্চারণে বিশেষ পথ-নির্দেশনাও রয়েছে।
একজন শিক্ষার্থী প্রধানত দুইভাবে এ অভিধান ব্যবহার করতে পারেন। প্রথমত, লিখিত বা কথ্য ইংরেজিতে তিনি প্রথমবারের মতো যে অজানা শব্দটির মুখোমুখি হবেন, সে শব্দটির অর্থ জানতে পারবেন এ অভিধান থেকে। দ্বিতীয়ত, শিক্ষার্থী নিজের ভাষা ব্যবহারেও তা প্রয়োগ করতে পারবেন অতি সহজেই। কেননা, তার জন্যে রয়েছে শব্দটির বানান, উচ্চারণ, ব্যাকরণসম্মত প্রয়োগ এবং ক্ষেত্রবিশেষে যে প্রসঙ্গে এ শব্দগুলো সাধারণত ব্যবহৃত হয়, সে প্রসঙ্গের দৃষ্টান্ত-বাক্য। শিক্ষার্থী এ ব্যবহারবিধিটি নিবিষ্টচিত্তে অনুধাবন করলে ইংরেজি শব্দাবলীর অর্থ ও বৈশিষ্ট্যে যে সব দিক উন্মোচিত হয়েছে, সে সম্পর্কে সম্যক অবহিত হবেন।
শীর্ষ শব্দ/ head word
প্রত্যয়ান্ত শব্দ/ derivatives
যৌগ শব্দ/ compound word
বাগধারা/ idiom
উপসর্গ, প্রত্যয়, পদান্বয়ী অব্যয়যুক্ত ক্রিয়াপদ/ verb with a particle or a preposition
সংজ্ঞা নির্দেশক সংখ্যা/ definition numbers
বাক্স, ঢেউ চিহ্ন ও লঘু-বন্ধনী:[], ~, ()
অভিধানের শেষাংশে...
উচ্চারণ
ফরাসি শব্দের উচ্চারণ

শীর্ষ শব্দ/ head word
যে সমস্ত শব্দের অর্থ এই অভিধানে প্রদান করা হয়েছে, সেগুলো বর্ণানুক্রমে সাজানো হয়েছে এবং বোল্ড টাইপে মুদ্রিত করা হয়েছে। এগুলোকে head word বা শীর্ষ শব্দ বলা হয়ে থাকে। একটি শীর্ষ শব্দের ব্যাখ্যা, অর্থ এবং ব্যবহার যেভাবে বিধৃত হয়েছে, তাকে ভুক্তি বলা হয়। কখনো কখনো দুই বা ততোধিক শীর্ষ শব্দের একই বানান লক্ষ্য করা যায়। এগুলোকে সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছে। যেমন-mother1, mother2। এই মূল শব্দগুলোর বানানে এক হলেও অর্থ ভিন্ন কিংবা এরা পদ হিসেবে ভিন্ন। পড়ার সময়ে অনেক ক্ষেত্রে মূল শব্দটিকে তার মূল রূপে পাওয়া যায় না। যেমন-Boxes, oxen, phenomena। এগুলো শব্দের বহুবচনের রূপ। এরূপ ক্ষেত্রে শব্দের একবচনের রূপটির সন্ধান করতে হবে। বহুবচন যদি খুবই ভিন্নধর্মী হয়,তাহলে সেটির একটি ভিন্ন ভুক্তি হবে। যেমন-brethren। অনেক ক্ষে্ত্রে ক্রিয়াপদের অতীত(past) কিংবা পুরাঘটিত অতীত রূপটি বিভ্রান্তির সৃষ্টি করতে পারে, যেমন-led,tore,hidden। এসব ক্ষেত্রে ক্রিয়াপদের infinitive রূপ খুঁজে পাওয়ার ইঙ্গিত প্রায় ক্ষেত্রেই রয়েছে। যেমন-tore, tear এর pt।
[Top]

প্রত্যয়ান্ত শব্দ/ derivatives
মূল শব্দের শেষে প্রত্যয়যোগে (-able, -ance, -ness, , -ly, -ment ইত্যাদি) প্রত্যয়ান্ত শব্দ গঠিত হয়। এগুলি মূল শব্দের অনুরূপ বড়ো হরফে মুদ্রিত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মূল শব্দের জায়গায় ঢেউ ‌‌‍‌~ চিহ্নের পর প্রত্যয়-শব্দ যোগ করে শব্দগুলি মুদ্রিত হয়েছে, যথা: announcement হয়েছে ~ment, announce ভুক্তির মধ্যে।
[Top]

যৌগ শব্দ/ compound word
যৌগশব্দগুলি (eg brain-fever, brain-storm, brain-wave) কখনো পৃথকভাবে, কখনো হাইফেন সহকারে, কখনো একশব্দ হিসেবে লিখিত হয়। এ-বিষয়ে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এ শব্দগুলিও বড়ো হরফে মুদ্রিত।
[Top]

বাগধারা/ idiom
বিশিষ্টার্থক শব্দ, বাক্যাংশ বা সম্পূর্ণ বাক্যকে বাগধারা/ বাগবৈশিষ্ট্য/ ইডিয়ম বলা হয়। এগুলি মোটা হরফে ভুক্তির শেষ দিকে, যৌগশব্দ ও প্রত্যয়ান্ত শব্দের পূর্বে মুদ্রিত হয়েছে।
[Top]

উপসর্গ, প্রত্যয়, পদান্বয়ী অব্যয়যুক্ত ক্রিয়াপদ/ verb with a particle or a preposition
এ সকল ক্রিয়াযুক্ত বাক্যাংশ/পদসমষ্টি ক্রিয়াবাচক মূল শব্দটির ভুক্তিতে, শেষদিকে, বর্ণানুক্রমে সন্নিবিষ্ট হয়েছে।
[Top]

সংজ্ঞা নির্দেশক সংখ্যা/ definition numbers
কোনো কোনো ভুক্তিকে ১,২,৩ ইত্যাদি সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। এর দ্বারা, গুরুত্বের ক্রমানুযায়ী, ঐ বিশেষ শব্দটির বিভিন্ন অর্থ ও প্রয়োগ নির্দেশিত হয়েছে।
[Top]

বাক্স, ঢেউ চিহ্ন ও লঘু-বন্ধনী:[], ~, ()
কিছু মূল শব্দ আছে যা একাধিক পদভুক্ত-বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া ইত্যাদি। একই ভুক্তির মধ্যে পদ-বৈষম্য অনুযায়ী শব্দটিকে পৃথককরণের জন্য ব্যবহৃত হয়েছে বাক্স- [] একই ভুক্তির মধ্যে মূল শব্দের সঙ্গে অন্য শব্দ বা প্রত্যয়যোগে উদ্ভুত শব্দের বারংবার ব্যবহার এড়ানোর জন্য মূল শব্দের জায়গায় ব্যবহৃত হয়েছে ঢেউ চিহ্ন/ tilde/ ~. লঘু বন্ধনী () ব্যবহৃত হয়েছে যেক্ষেত্রে কিছু শব্দকে মূল বাক্য বা বাক্যাংশ থেকে পৃথক করা হয়েছে। এই বন্ধনীভুক্ত শব্দগুলির ব্যবহার করা না করা ব্যবহারকারীর ইচ্ছাধীন।
[Top]

অভিধানের শেষাংশে
অভিধানের শেষাংশে সাতটি পরিশিষ্ট ভাষা শিক্ষার্থী ও জ্ঞানান্বেষীর প্রয়োজনের প্রতি দৃষ্টি রেখে সন্নিবিষ্ট হলো। পরিশিষ্টগুলির ক্রমবিন্যাস এই রূপ: পরিশিষ্ট ১ Irregular verbs; পরিশিষ্ট ২ Common Abbreviations; পরিশিষ্ট ৩ Affixes (prefixes and suffixes); পরিশিষ্ট ৪ Numerical Expressions; পরিশিষ্ট ৫ Wights and Measures; পরিশিষ্ট ৬ Punctuation এবং পরিশিষ্ট ৭ Chemical Elements.
[Top]

উচ্চারণ
ইংরেজি শব্দের বানান অনেক ক্ষেত্রেই উচ্চারণ নির্দেশ করে না, অর্থাৎ phonetic নয়। এজন্য প্রতিটি ভুক্তির সঙ্গে বিশেষ বানান দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক ধ্বনি-বর্ণমালার (International phonetic alphabet) সহায়তায় তৈরি। প্রচলিত উচ্চারণ অভিধানগুলির মধ্যে সর্বাধিক পরিচিত ও সমাদৃত English Pronouncing Dictionary (Dent, latest edition); ed.A.C.Gimson যেভাবে শব্দের উচ্চারণ নির্দেশ করেছে, বর্তমান অভিধানেও সেই নিয়ম অনুসৃত হয়েছে। ইংরেজিতে দুই বা ততোধিক শব্দাংশ/syllable সম্বলিত শব্দে একটি শব্দাংশের উপর শ্বাসাঘাত পড়ে। কখনো কখনো আরও একটি শব্দাংশও মৃদু শ্বাসাঘাতসহ উচ্চারিত হয়। শ্বাসাঘাত বিশিষ্ট শব্দাংশের মাথায়/|/ চিহ্ন, ও মৃদু শ্বাসাঘাত বিশিষ্ট শব্দাংশের নীচে /|/ চিহ্ন দিয়ে উচ্চারণের এই দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যে-ক্ষেত্রে আমেরিকান উচ্চারণ ব্রিটিশ উচ্চারণ থেকে ভিন্ন, সেক্ষেত্রে এই ভিন্নতা /US/ প্রতীকসহ উল্লেখ পেয়েছে। ব্রিটিশ উচ্চারণে লিখিত শব্দের শেষে r বা re অনুচ্চারিত থাকে। উচ্চারণ নির্দেশে সেজন্য অনুচ্চারিত অক্ষর/অক্ষরদ্বয় লঘুবন্ধনীভুক্ত। আমেরিকান উচ্চারণে r বা re উচ্চারিত হয়। যেহেতু এই নিয়মের ব্যতিক্রম নেই সেজন্য এই পার্থক্য উচ্চারণ নির্দেশে দেখানো হয়নি। নিয়মটি মনে রাখলেই হবে। উচ্চারণ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী পাঠকদের জন্য ‘উচ্চারণ ও প্রতিবর্ণীকরণ’ অংশ দ্রষ্টব্য।
[Top]

ফরাসি শব্দের উচ্চারণ
ইংরেজি ভাষায় আত্তীকৃত ফরাসি শব্দগুলির ব্রিটিশ উচ্চারণ দেওয়া হয়েছে, ফরাসি উচ্চারণ নয়।
[Top]